ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার দুপুরে ঢাবি ভিসির দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের সচিব রজার জিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লিডস বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা-গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে এই চুক্তির আওতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য ছাত্র-শিক্ষক-গবেষক বিনিময় করা যাবে।

এছাড়াও শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যৌথ অধ্যয়ন ও সনদপ্রাপ্তি অন্তর্ভুক্ত থাকবে। একইসঙ্গে লিডস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ বিভিন্ন প্রকার প্রফেশনাল কোর্সেরও আয়োজন করবে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ