সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে গ্রুপিং ও বাক-বিতণ্ডার জেরে এ স্থগিতাদেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সবক’টি আবাসিক হল শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম কবির জানান, মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। উপ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি হল শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ জানান, বর্তমান সভাপতি আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক রিমনের মধ্যে সম্প্রতি হল কমিটি গঠনকে কেন্দ্র করে মতানৈক্য দেখা দেয়। এ ঘটনা জানিয়ে কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে অভিযোগ দেন সভাপতি। পরবর্তীতে ক্যাম্পাসে ও আবাসিক হলগুলোতে দলের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে কেন্দ্রীয় কমিটি উল্লেখিত সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, ডিসেম্বরের মধ্যে পবিপ্রবি’র পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
প্রসঙ্গত, ২ মাস আগে সম্মেলনের মাধ্যমে পবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
ইআর





