স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জেরে আজ রোববার দিনভর উত্তপ্ত ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা রেলগেটে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ রাত ৮টার দিকে চারুকলা অনুষদ থেকে বাঁশ ও কাগজের তৈরি পুতুল বা ডামি নিয়ে রেললাইনের ওপর আগুন জ্বালান শিক্ষার্থীরা।
এতে করে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে চারুকলা অনুষদের দিকে যান। রাত ৮টার দিকে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেন।
গতকাল শনিবারের সংঘর্ষের ঘটনায় আজ সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন ৮ জন শিক্ষার্থী। এ সময় সুনির্দিষ্ট সাত দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এইচএম





