ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। শিক্ষক সমিতির ১৫টি পদের মধ্যে সভাপতি ও সহ-সভাপতি সহ মোট ১১টি পদে বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকরা জয়ী হয়েছেন। বিপরীতে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে আওয়ামী-বাম পন্থী প্রার্থীরা জয়লাভ করেছেন।
সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী-বাম প্যানেল সমর্থিত অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিম ১২৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আওয়ামী-বাম সমর্থিত ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যাপক ড. অলী উল্লাহ ১৩৮ ভোট পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবর রহমান নির্বাচিত হয়েছেন। তারা বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থীত প্রার্থী অধ্যাপক ড. শহিদুল ইসলাম নুরী, অধ্যাপক ড. ময়নুল হক, অধ্যাপক ড. মহিববুল ইসলাম, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. রেজাউল করিম ও অধ্যাপক ড. রাশিদুজ্জামান।
কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আওয়ামী-বাম সমর্থিত প্যানেলের অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. মোস্তফা কামাল ও অধ্যাপক ড. মেহের আলী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে অনুষদ ভবোনের ৪২৭ নং কক্ষে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টায় দশ মিনিটের বিরতি দিয়ে একটানা দুপর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন তাদেরকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩৫৯ জনের মধ্যে ৩২৫ জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শিক্ষক-শিক্ষিকাদেরকে ব্যাপক আনন্দ-উল্লাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় ভোটাররা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
জেডআই





