‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজনের বার্ষিক সাধারণ সভা রোববার অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে স্বজনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বার্ষিক সাধারণ সভা-২০১৫ উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর (রবিবার) দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাবেক স্বজনকর্মীদের নিয়ে ‘স্বজন স্মৃতিচারণ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। এরপর বেলা সাড়ে ৩টায় আলোচনা সভা অনুষ্টিত হবে।
স্বজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফাহমিদা লাইজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মাতিন ও প্রক্টর প্রফেসর তারিকুল হাসান উপস্থিত থাকবেন।
সভা শেষে প্রধান অতিথি স্বজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০১৬ এর কমিটি ঘোষণা করবেন ।
এছাড়া সন্ধ্যা ৬টায় স্বজনকর্মীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এমএ





