ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগে বর্ধিত ফি বাতিলের দাবিতে মঙ্গলবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি সভাপতি রাশেদ শাহরিয়ার সংবাদ সম্মেলনে এমন ঘোষণাপত্র পাঠ করেন।
ঘোষণাপত্রে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগে ৪ বছর মেয়াদী অনার্স কোর্সে টিউশন ফি বাবদ অবৈধভাবে ১লাখ ৩৭হাজার টাকা নেয়া হচ্ছে। যা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতির পরিপন্থী।
এই বর্ধিত ফি বাতিলের দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলাভবন এবং সামাজিক বিজ্ঞান ভবনে সর্বাত্বক ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন,ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়,ছাত্রফেডারেশন ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাদিক রেজাসহ প্রগতিশীল ছাত্রজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল,ভিসি বরাবর স্মারকপত্র ও টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগ ঘেরাও কর্মসূচি পালন করে বামসংগঠন।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]