ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে তল্লাশি চালিয়ে ২৬ জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই বহিরাগত বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে জহুরুল হক হলে কিছু যুবক সশস্ত্র অবস্থান করছিল। গোপন সূত্রে পুলিশ বিষয়টি জানতে পারে। পরে তল্লাশি করে ২৬ জন বহিরাগতকে আটক করে। তবে তাদের কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
জানা যায়, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাইনুদ্দিন বাবুর পক্ষে তারা কাজ করছিল। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মাইনুদ্দিন বাবু ওই হলের একটি কক্ষে দীর্ঘ ১৫-২০ বছর যাবৎ অবস্থান করছেন বলে জানা গেছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে হলে অভিযান চালানো হয়। এ সময় ২৬ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকে বহিরাগত। পরে তাদেরকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কেএইচ





