ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় দুই বখাটেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত দুই বখাটে হলো- যাত্রবাড়ীর কাগজ ব্যবসায়ী মো. ইমরুল হাসান টিটু (৩০) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁর কয়লা ব্যবসায়ী হাবিবুর রহমান (২৯)।

শনিবার বিকালে পুলিশের ভ্রাম্যমাণ আদালত উত্যোক্তকারীদের বিরুদ্ধে এ রায় দেন।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বখাটেরা ওই ছাত্রীর মোবাইল নম্বর চাওয়া ও গায়ে হাত দেওয়ার কথা স্বীকার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর কারাদণ্ড দেন।

জানা যায়, শুক্রবার রাতে পায়রা চত্বরে সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী ও তার সহপাঠীরা। ওই ছাত্রীর সহপাঠীরা চলে গেলে বখাটেরা ওই ছাত্রীর পিছু নেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। তারা ওই ছাত্রীর ফোন নম্বর চায়। ফোন নম্বর দিতে অস্বীকার করেন ওই ছাত্রী। একপর্যায়ে টিটু গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে ওই ছাত্রী মোবাইল ফোনে বিষয়টি তার বন্ধুদের জানান। ঘটনা শুনে হলে থাকা বন্ধুরা এসে দুই বখাটেকে হাতেনাতে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী জড়ো হয়ে দুই বখাটেকে গণধোলাই দেয়।

এ সময় দুই বখাটে নিজেদের পুলিশের গোয়েন্দা বিভাগের লোক ও ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে অবহিত করলে শাহবাগ থানা পুলিশ এসে বখাটেদের আটক করে থানায় নিয়ে যায়।

কেএইচ