গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন শিক্ষক ও স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের চার শিক্ষার্থী ডিন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন। এছাড়া ২ শিক্ষার্থী ‘কথাশিল্পী সরদার জয়েনউদ্দিন স্বর্ণপদক’ এবং ৭ জন ‘বদরুন্নেসা গফুর স্মৃতি বৃত্তি’ পেয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন।

ডিন্স এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক হলেন- অধ্যাপক ড. আবুল হাসনাত এবং শিক্ষার্থীরা হলেন- নুসরাত আহমেদ, ফাবলিহা আহমেদ চৌধুরী, তাসনুভা তাসনিম ও সাবরিনা চৌধুরী রাকা। কথাশিল্পী সরদার জয়েনউদ্দিন স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- নুসরাত আহমেদ ও ফাবলিহা আহমেদ চৌধুরী।

বদরুন্নেসা গফুর স্মৃতি বৃত্তিপ্রাপ্তরা হলেন- সানিয়া আশরাফী, ফারজানা কবির, ফারিনা আজিজ, ফাহাদ ইমতিয়াজ রহমান, লুবা বিনতে মাহবুব, দীপঙ্কর কুমার শীল, তাপসী নাহিদ সুলতানা ও পৌষালী সাহা।

আরেফিন সিদ্দিক বলেন, মেধাবী শিক্ষার্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে জাগ্রত হতে হবে। উন্নত দেশ গড়তে শুধুমাত্র একাডেমিক ফলাফলই যথেষ্ট নয়।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, জাতি গঠনে তাঁর অনন্য অবদান কখনও ভুলে গেলে চলবে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনের কথা ছিল। সেদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকদের নির্মম বুলেটে ওইদিন ভোররাতেই তাঁকে শাহাদাৎ বরণ করতে হয়।

ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি মোসাদ্দেক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

কেএইচ