বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলাসহ লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহসভাপতি রানা চৌধুরী, রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ। সঞ্চালনা করেন যুগ্মসাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব।
বক্তারা বলেন, তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অযাচিত বক্তব্য দেয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিচার করতে হবে। তারা বলেন, তারেক রহমান বঙ্গুবন্ধুকে নিয়ে জঘন্য মিথ্যাচার করে প্রমাণ করেছে সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
বক্তারা তারেককে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
[b]রাবি, এমএইচ, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]