রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ কর্তৃক শিবির নেতা রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে ডাকা ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটে এ ঘটনা ঘটে।

এদিকে, নাকশতার অভিযোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট এলাকা থেকে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, ক্যাম্পাসে ধর্মঘটবিরোধী মহড়া দিয়েছে ছাত্রলীগ। রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে সকাল ৯টার দিকে ক্যাম্প‍াসে মহড়া দেয় তারা। মহড়া শেষে টুকিটাকি চত্বরে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

ধর্মঘটে নাশকতা ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাজোয়া যানসহ কয়েক প্লাটুন পুলিশ ক্যাম্পাসের রাস্তায় টইল দিচ্ছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে গিয়ে দেখা যায় বিভাগসমূহের অফিস এবং বিভাগীয় চেয়ারম্যানের অফিস কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়া ‍হয়েছে। তবে সকাল থেকে ক্যাম্পাসে ধর্মঘটের সমর্থনে শিবির কর্মীদের মিছিল বা অন্য কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ক্যাম্পাসে নাশকতা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সবকিছু স্বাভাবিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ক্যাম্পাসে শিবিরের যেকোনো ধরনের নাশকতা দমনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস