ইমরান হাওলাদার নামে এক শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। থাকতেন বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ৩৪৫ নম্বর কক্ষে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহ মাগদুম হলে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে পুলিশ এসে ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সন্ধ্যায় ইমরান শাহ মখদুম হলের ১৩৪ নম্বর কক্ষে বিভাগের বন্ধু মইনুল ইসলাম নয়নের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় শাহ মখদুম হলের নেতা ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু খায়ের মোস্তফা ওরফে রিনেট,ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগ কর্মী আরিফ আহম্মেদসহ বেশ কয়েক জন নেতাকর্মী ইমরানকে ২০১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। পরে কোনো কারণ ছাড়াই তাকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ইমরান চিৎকার দিয়ে নিচে এসে পুলিশের সাহায্য চায়। এ সময় তার পিছে পিছে ছাত্রলীগের নেতাকর্মীরা দৌঁড়ে আসে। পরে পুলিশ তাকে মতিহার থানায় নিয়ে যায়।
ইমরান সাংবাদিকদের জানায়,তার গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে। কোনো কারণ ছাড়াই তাকে ‘শিবির’ আখ্যা দিয়ে মারধর করা হয়েছে।
ছাত্রলীগ নেতা রিনেট বলেন,'সে আগে শিবির না করলেও বিশ্ববিদ্যালয়ে আসার পর শিবির করে।'
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন,হলে শিবির সন্দেহে একজনকে মারধরের বিষয়টি শুনলাম।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন,হলে এক শিক্ষার্থীকে মারধর করার সময় সে এসে পুলিশের আশ্রয় নেয়। রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিলে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]