ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির আশা নিয়ে ‘গ’ ইউনিটে পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টায় এক ঘণ্টার এই পরীক্ষা শেষে তাদের মধ্য থেকে ১ হাজার ১৭০ জন এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়ার ‍সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি এবং ক্যাম্পাসের বাইরে ঢাকার ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে।

গত কয়েক বছর ধরে পরীক্ষার হলে জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগের কারণে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

‘গ’ ইউনিটের ১ হাজার ১৭০টি আসনের বিপরীতে এবার ভর্তির আবেদন করেছে ৪৩ হাজার ২৩৪ জন।

‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে গত ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন হয় ‘চ’ ইউনিটের লিখিত পরীক্ষা। এ দুটি ইউনিটের ফলও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

এছাড়া ১৭ অক্টোবর ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা, ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট, ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সূচি রয়েছে।

পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের http://admission.eis.du.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএ