ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইন্সটিটিউটের মর্যাদার দাবিতে, নীলক্ষেত মোড় প্রায় ৮ ঘণ্টা অবরোধ করে রাখেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

এতে ওই এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এরই এক পর্যায়ে সেখানে আসেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসিফুর রহমান মানিক। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের রাস্তা ছেড়ে দিতে হুমকি-ধামকি দিয়েছেন তিনি। তবে তা অস্বীকার করেছেন কাউন্সিলর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে, বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে, দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এবার সেই দাবিতে তারা নেমে এলেন রাজপথে। সকাল এগারোটার পর অবস্থান নেন নীলক্ষেত মোড়ে। বন্ধ করে দেন ওই এলাকায় সব সড়ক।

প্রচণ্ড রোদ উপেক্ষা করেই চলতে থাকে স্লোগান। গরম সইতে না পেরে অসুস্থও হয়ে পড়েন কেউ কেউ। 

শিক্ষার্থীরা বলছেন, বারবার আশ্বাস দেয়ার পরও, তাদের দাবি মানছে না কোনো পক্ষ। তাই ইন্সটিটিউট ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন।

এই পর্যায়ে দৃশ্যপটে হাজির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফুর রহমান মানিক। রাস্তা ছেড়ে দিতে হুমকি দেন শিক্ষার্থীদের। কম যান না তার সাঙ্গপাঙ্গরাও।

তবে এ অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। 

সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ নিয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজে অধ্যক্ষ এলে, উল্টো তোপের মুখে পড়েন তিনি। 

অবশ্য সন্ধ্যার আগে তারা নিজেরাই নীলক্ষেত ছেড়ে দেন। পরে শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শেষ করেন দিনের কর্মসূচি।

এমবি