মিরপুর-১ নম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইতলা বিশিষ্ট চৈতালী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 'হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা' বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব চক্রবর্তী (২২) আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অর্ণবের বন্ধু সুজিত টাইমনিউজবিডি.কমকে জানান, আজ (১৯ ফেব্রুয়ারি ২০১৫) বিকালে ক্যাম্পাস থেকে অর্ণব বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে তার বাবার সঙ্গে দেখা করতে মিরপুর যাচ্ছিল। বাসটি মিরপুর-১ নম্বরে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এসময় অর্ণব গাড়ির গ্লাস ভেঙ্গে দুই তলা থেকে লাফিয়ে পড়ে। এতে তার ডান পায়ে মারাত্মকভাবে আঘাত পায়।

রাজধানীর কলেজ গেটের ট্রমা সেন্টার থেকে অর্ণব চিকিৎসা (পায়ে ব্যান্ডেজ) নিয়েছেন বলেও জানান সুজিত।

এ ব্যাপারে জানতে চাইলে আহতের বিষয়টি অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ গণমাধ্যমকে বলেন, বাসটিতে আগুন দেয়া হয়েছে। তবে দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, বাসটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মিরপুর-১২ থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতো।

এমআর/কেএইচ