ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনকে নির্যাতনের ঘটনায় হাজী মুহম্মদ মুহসিন হলের সাত শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, শাহিন (দর্শন), শাকিল (উর্দু), আশিক (ইংরেজি), মেহিদী (লোক প্রশাসন), মামুন (ইংরেজি), লিটন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) ও জাফর। বহিষ্কৃতরা সবাই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেন।
প্রক্টর বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য এদের বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে শিগগিরই একটি তদন্ত কমিটি করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কার বহিষ্কারাদেশ কতদিন থাকবে।’
এদিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আহত শিক্ষার্থীর বড়ভাই বাদী হয়ে ওই সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। শাহবাগ থানায় মামলা নং- ৩৯।
আহত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বড় ভাই আলমগীর বলেন, ‘ওর অবস্থা এখনো ভালো না। ঠিকমত কথা বলতে পারে না।’
তবে আইসিইউ থেকে রোগীকে সাধারণ ক্যাবিনে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিনের ওপর হামলা চালায় অভিযুক্তরা।
এতে আল-আমিন মাথায় গুরুতর আঘাত পেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





