রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের এক দোকান কর্মচারীকে অপহরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হল শাখা ছাত্রলীগ নেতাসহ তিন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ আলী মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
বহিষ্কৃত তিন ছাত্র হলেন- মাহবুব (দর্শন বিভাগ, মাস্টার্স), সাইদুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ), মাহবুবুর রহমান (লোকপ্রশাসন বিভাগ, তৃতীয় বর্ষ)। এদের মধ্যে মাহবুবুর রহমান মুহসীন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ড. এএম আমজাদ আলী বলেন, ‘অপহরণের ঘটনায় তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এমন অনৈতিক কাজের সাথে জড়িত থাকবে, তাদের কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না।’
জানা যায়, প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের এক দোকানদারের ৮০ হাজার টাকা চুরি হয়। চুরির ঘটনায় দোকানের কর্মচারীকে সন্দেহ করা হয়। টাকা উদ্ধারে দায়িত্ব নেন মুহসীন হল ছাত্রলীগের নেতারা। বিনিময়ে তাদের দিতে হবে কমিশনের টাকা। এ শর্তে ছাত্রলীগ নেতারা ২২ জানুয়ারি ওই যুবককে অপহরণ করে হলে নিয়ে আসেন। টাকা উদ্ধারে তার ওপর রাতভর নির্যাতন চালানো হয়। পরদিন সকালে আহত অবস্থায় ওই যুবককে নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
[b]ঢাবি, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]