সহপাঠীদের পিটিয়ে আহত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনের অনুসারীরা। রোববার মধ্যরাতে মীর মোশাররফ হোসেন হলের ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রাতে একজন বৃদ্ধ তার স্ত্রীর সাহায্যের জন্য হলে আসে। এ সময় অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জাবেদ সজল তার সহপাঠী ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আলমগীর,ইয়াসির ও মাসুদকে ডেকে পাঠান সাহায্যের টাকা তোলার জন্য। এ সময় তারা সাড়া না দেওয়ায় সজলের নেতৃত্বে হল ছাত্রলীগের কর্মীরা তাদের ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পেটায়। এতে বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়।
পরে হলের সিনিয়র শিক্ষার্থীরা এসে আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। খোঁজ নিতে আসা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথেও সজল খারাপ আচরন করে।
মারধর করার কথা স্বীকার করে জাবেদ সজল বলেন,টাকা তোলার জন্য তাদের ডাকতে গেলে তারা আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমাকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেয়। পরে আমি তাদের কয়েকটি থাপ্পর দেই।
অভিযোগ রয়েছে,সজল প্রায়ই রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহপাঠিদের সাথে দ্যুর্ববহার করেন। তার বিরুদ্ধে এর আগেও মারধরের অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ কোনো ব্যবস্থা নেয় নি। সজল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেনের অনুসারী বলে জানা গেছে।
মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান বলেন,তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন,মূলত ঘটনার সত্যতা নিশ্চিত হলে হল প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে। হল প্রশাসন যদি আমাদের জানায় তবে আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখব।
[b]ঢাকা, এইচআর, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]