কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র আমজাদ হোসেনকে (২৪) কুপিয়ে জখম করেছেন মোয়াজ্জেম হোসেন জীবন নামে এক ছাত্রলীগ কর্মী। রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। আহত আমজাদ বিশ্ববিদ্যালয়ের ফোর্থ ব্যাচের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র। তার বাড়ি কুমিল্ল সদর দক্ষিণ থানায়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে আমজাদের সঙ্গে ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেমের কথা কাটাকাটি হয়। রোববার সকালে মোয়াজ্জেম ক্যাম্পাসে আমজাদকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর