এরপর দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও।
এর আগে সকাল ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর হামলা চালান। তবে কী কারণে হামলা হয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও জানান তিনি।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।’
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে।
তিনি বলেন, কোনো ধরনের অঘটন এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে লক্ষ্য করে ঢিল বা পাথর ছুড়তে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।
ওসি জানান, সায়েন্সল্যাবে প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার পুলিশ সদস্যরাও পৃথক পৃথক স্থানে দায়িত্ব পালন করছেন।
এদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে একা পেয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা একদল শিক্ষার্থী ফুটপাতে বসে থাকা এক ছাত্রকে লাঠি দিয়ে মারধর করছেন। কয়েকজন তাকে রক্ষা করার চেষ্টা করলেও হামলাকারীরা থামেননি। পরে হামলার শিকার ওই শিক্ষার্থীকে উদ্ধার করে অন্য পাশে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ নভেম্বর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি শান্তিচুক্তি বা সমঝোতা হয়েছিল।
এনএইচ











