নিউমোনিয়ায় আক্রান্তের প্রায় ২৫ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কায়সার হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ (২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টা ২১মিনিটে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া চিকিৎসকের সূত্রে জানা যায়, কায়সারের দুইটি কিডনি নষ্ট ছিলো। গতকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ২৪ ঘন্টার মধ্যে কিডনি ইন্সটলমেন্ট করতে না পারলে তাকে বাঁচানো যাবে না বলে জানিয়েছিলেন চিকিৎসক।
কায়সার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ জিয়া হল ইউনিটের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী ছিলেন।
মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে ২০১২ সালে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে স্নাতক (সম্মান) অর্জনের জন্য ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন। ২০১৮ সালে তিনি স্নাতক (সম্মান) অর্জনের পর একই বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন।
কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কায়সারের জানাজা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত।
হাসান/এমবি





