ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি তৃতীয় দিন বুধবারও অব্যাহত রয়েছে। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে এ কর্মবিরতি চলছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থী না থাকায় বিভিন্ন অনুষদগুলোতে অনেকটাই নিরব পরিবেশ বিরাজ করছে। পূর্বঘোষিত পরীক্ষা ছাড়া ক্যাম্পাসে কোনো ক্লাস বা অন্য কোনো কার্যক্রম চলছে না।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এটি আমাদের যৌক্তিক দাবি। এ দাবি আদায়ে আমাদের যত দিন সময় লাগুক না কেন, আমরা আন্দোলন চালিয়ে যাব।
আমাদের আন্দোলন চলছে, চলবে। সরকারের প্রতি আবেদন, তারা যেন খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেন। সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না আসা পর্যন্ত এটি চলতে থাকবে।’
গত ২ জানুয়ারি ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা।
এমকে





