রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে শনিবার সকাল ৭টা থেকেই লাগাতার ধর্মঘটের সমর্থনে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করেছে। শীতের কুয়াশা ভেদ করে ক্যাম্পাস এখন হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে কম্পমান। ধর্মঘটের সমর্থনে সকাল পৌনে ৮টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।  
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মন্নুজান, রহমতুন্নেসা, রোকেয়া, বেগম খালেদা জিয়া ও তাপসী রাবেয়া হল থেকে অন্তত এক হাজার শিক্ষার্থী স্লোগান নিয়ে ক্যাম্পাসে আসতে শুরু করে। এসময় বিক্ষোপ মিছিল থেকে ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, শিক্ষা ব্যবসা এক সাথে চলে না’ এসব স্লোগানে গোটা ক্যাম্পাস আন্দোলিত হতে থাকে। মেয়েরা শীতের কুয়াশা ভেদ করে মিছিল নিয়ে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে জড়ো হতে শুরু করে।  
এদিকে বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা শাহ মখদুম, আমীর আলী ও নবাব আব্দুল লতিফসহ ক্যাম্পাসের সকল আবাসিক হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে আসছে। এসময় শিক্ষার্থীরা সান্ধ্যকোর্স ও ফি বৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা সকাল পৌনে ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে ১৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, প্রশাসন ভবন ঘেরাও, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠকের পরেও কোন প্রকার সমঝোতায় না আসায় শিক্ষার্থীরা শনিবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয়।
[b]রাবি,এমএইচ ১ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]