পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীসহ দুই জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহীর পবা উপজেলার হারুপুর ৫ নং আই বাঁধ সংলগ্ন এলাকার এই নৌকাডুবির ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, বিকালে ১৩ জন যাত্রী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে ঘুরে বেড়াচ্ছিল। বিকাল ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুইজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের মধ্যে সুচনা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং রিমন নামের একজন অষ্টম শ্রেণীর ছাত্র রয়েছে বলে জানান তিনি।

তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন।

এমবি