আধিপত্য বিস্তার নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আবাসিক হলে হামলা চালিয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে হলে বেশ কয়েকটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শান্ত ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ'র গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ অতর্কিত হামলা শুরু হলে সাধারণ শিক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি করতে থাকেন। ঘটনার জন্য দুই গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দায়ী করছেন।
ঘটনা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কয়েক দিন ধরেই সভাপতি শান্ত ও সাধারণ সম্পাদক অলিউল্লাহ'র অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল।
জারিফ





