ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন স্টুডিও (ডিইউ টিভি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের উদ্যোগে সামাজিক বিজ্ঞান ভবনের সাত তলায় এ স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে।
মঙ্গলবার অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টিভি স্টুডিও উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান রিফফাত ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিভি স্টুডিও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের ব্যবহারিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের উচ্চশিক্ষার গুণগত মান প্রকল্পের (হেকেপ) আওতায় এই টিভি স্টুডিও স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি সৃষ্টি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টেলিভিশনকে অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম হিসেবে বর্ণনা করে তিনি বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির হাতে এই মাধ্যম পরিচালিত হলে সমাজ তথা মানব সভ্যতার উপকার হবে। এটি অদক্ষ ও ভুল লোকের হাতে পড়লে মানব সভ্যতার ক্ষতি হতে পারে। গণমাধ্যম কর্মীদের সর্বদা সত্যনিষ্ঠ থাকতে হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান সমাজ পরিবর্তনের লক্ষ্যে শক্তিশালী ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, তিন কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম টিভি চ্যানেল। এই স্টুডিও থেকে ইন্টারনেটের মাধ্যমে সারাবিশ্বে অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সংবাদ, ডকুমেন্টারি, বিনোদনসহ নানা অনুষ্ঠান প্রচার করবে এই টিভি চ্যানেল।
এমএনজে





