‘ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফেলোশিপ’ লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছয় শিক্ষার্থী।
এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির উদ্যোগে এই ফেলোশিপ প্রদান করা হয়।
ফেলোশিপ প্রাপ্তরা হলেন- সাজ্জাদ হোসেন ফাহিম, নিশাত পারভেজ, ছোটন দেব নাথ ও আবদুল্লাহ মোহায়মেন (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) এবং হারুনুর রশিদ শামস্ ও বায়েজিদ খান (উন্নয়ন অধ্যয়ন বিভাগ)।
সোমবার প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের মধ্যে ফেলোশিপ প্রদান করেন।
সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানা, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দেশাত্ববোধ ও মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের চলমান সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে।
কেএইচ





