ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামকে বাধ্যতামূলক অবসর প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
বুধবার বিকালে ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বার্তায় এ প্রতিবাদ জানানো হয়।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির বিবৃতিতে জানান,‘রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসা পরায়ণমূলক এ অনৈতিক সিদ্ধান্ত বাতিল করে তাকে স্বপদে বহালের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জনানো হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার ও সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। অথচ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একজন প্রতিথযশা শিক্ষক,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলামকে অপসারিত হতে হলো।’
বিবৃতিতে আরও জানানো হয়,‘পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আজিজুর রহমান বিভাগীয় ক্রয় কমিটির সুপারিশ সম্পূর্ণরূপে উপেক্ষা করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি ক্রয় করার পদক্ষেপ গ্রহণ করলে প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম এর প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে আওয়ামী ক্যাডারের ভূমিকা পালনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকীর মাধ্যমে গত রবিবার রাতে প্রফসর ড. এবিএম ওবায়দুল ইসলামকে বাধ্যতামূলকভাবে অপসারণ করেন,যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন।’
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]