ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের স্নাতকের চূড়ান্ত পরীক্ষায় নম্বরপত্রে কারসাজির জন্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতেবিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হোসাইনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়ছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ফাইনাল পরীক্ষার ২২ কর্মদিবস অর্থাৎ এক মাসের মধ্যে ফলাফল ঘোষণার কথা রয়েছে। গত ১২ জানুয়ারি চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়। সে অনুযায়ী মার্চ মাসে ফলাফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি।
একই সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরীর নামে গঠিত ট্রাস্ট ফান্ড বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে আরেফিন সিদ্দিক বলেন, ট্রাস্ট ফান্ডটি গঠনের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এ কারণে ট্রাস্ট ফান্ডটি বাতিল করা হয়েছে। এখন এই ট্রাস্ট ফান্ডের অর্থ এর দাতাকে ফেরত দেওয়া হবে।
কেএইচ





