২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগর শাখা। শুক্রবার মেধাবী এ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয় ছাত্র সংগঠনটি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মু. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মু. মতিউর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইট হাউজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট কলামিস্ট ও বক্তা ড. আহসান হাবিব ইমরুজ। তিনি বলেন, মেধাবীদের নিয়ে জাতি স্বপ্ন দেখে। আজকের মেধাবীরাই জাতীর স্বপ্ন পূরণের সোপান। নিজেদের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়েই মহাপুরুষেরা কাঙ্খিত পরিবর্তন এনেছেন। বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আজকের মেধাবীদেরকেই দায়িত্ব নিতে হবে। জ্ঞানের রাজ্যে একেক জনকে হতে হবে সর্বে-সর্বা। যোগ্যতা অর্জনের মাধ্যমে জাতির স্বপ্ন পূরণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। আর এজন্যে অবশ্যই নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথি মতিউর রহমান তার বক্তব্যে বলেন, দেশে মেধাবীদের সংকট নেই। সংকট রয়েছে সৎ দক্ষ ও দেশপ্রেমিক মেধাবীর। মেধাবীদেরকে অবশ্যই সততা এবং যোগ্যতার সমন্বয় ঘটিয়ে নিজেদের জাতির প্রত্যাশা পূরণে নিয়োজিত করতে হবে। এজন্য ছাত্রশিবিরই একমাত্র গাইডলাইন। কুরআনের আলোকে মেধাবীদের সৎ ও যোগ্য হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র শিবির। আমরা আশা করি আজকের মেধাবীরা ছাত্র শিবিরের এই প্রচেষ্টায় সহযোগির ভূমিকা পালন করবে।
মহানগর সেক্রেটারী মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর অর্থ সম্পাদক সুহেল আহমদ, এইচআরডি সম্পাদক এহতেশামুল আলম জাকারিয়া, অফিস ও শিক্ষা সম্পাদক ইসলাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সালেহ ফয়সাল, প্রচার সম্পাদক সিদ্দিক আহমদ ইউসুফ।
জেডআই





