ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের মিলনায়তনের বারান্দা ধসে দুইজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজন ছাত্র, আরেকজন দোকান কর্মচারী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী জানান, বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন জানান, মিলনায়তনের সামনে ওই বারান্দার নিচ দিয়েই আবাসিক ভবনে যাওয়ার রাস্তা। আর রাস্তার উল্টো দিকে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে।

এমনিতে সব সময় ওই বারান্দার ছাদের নিচে বসে ছাত্ররা নাস্তা করে। সকালে বৃষ্টির মধ্যে হঠাৎ বারান্দার মেঝে ধসে পড়ে।

বৃষ্টির কারণে ওই সময় সেখানে লোকজন কম ছিল জানিয়ে তিনি বলেন, না হলে আরও বড় ধরনের বিপদ ঘটতে পারত।

মোবারক হোসেন বলেন, হলে ছাত্রদের আবাসিক ভবনের বিভিন্ন অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত দুই বছর ধরে কর্তৃপক্ষকে বার বার বলা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

হলের প্রভোস্ট মাকসুদ কামাল বলেন, ১৯৬৭ সালে নির্মাণ করা এই হলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর আগে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এর স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে বার বার বলেও সাড়া পাওয়া যায়নি।

কেএইচ