রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে শিবিরের দেয়া আল্টিমেটাম শেষে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি থেকে সরে এসে ৪ দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, রাজশাহী বিশবিদালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলাকারীদের সুস্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত হামলার ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।

বিজ্ঞপ্তিতে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচিসমূহ হলো, রোববার ও সোমবার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও অন্য বন্ধু ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়, মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধবার হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরপরও যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে ২৬ জুন বৃহস্পতিবার ক্যাম্পাসে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে।

গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় পায়ের গুড়ালি বিছিন্ন এবং শরীরে গুরুতর জখম হন শিবির নেতা রাসেল আলম।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ