ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষক আনিসুর রহমান (৫৫) ইন্তেকাল করেছেন।

নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের তৈয়াসার গ্রামে রোববার রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার বিকাল সাড়ে ৫টায় নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনিসুর রহমানের নিকট আত্মীয় সাংবাদিক খায়রুল আহসান মানিক জানান, আনিসুর রহমান ১৯৬০ সালে চৌদ্দগ্রামের তৈয়াসার গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা মমতাজ উদ্দিন আহমেদ পুলিশের কর্মকর্তা ছিলেন। মা মাহমুদা খাতুন গৃহিনী। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার বড়।

চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয়। ১৯৭৫ সালে চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান এবং ১৯৭৭ সালে একই বোর্ডের একই বিভাগ থেকে এইচএসসিতে পুনরায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি স্নাতক সম্মান কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। পরে স্নাতকোত্তর পাশ করে ১৯৮২ সালে একই বিভাগে শিক্ষকতায় যোগ দান করেন। শিক্ষকতা করেন ১৯৮৯ সাল পর্যন্ত।

মৃত্যুকালে তিনি স্ত্রী মুন্নী আক্তার ও ছোট দুই বোন রেখে যান। তার অনেক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রয়েছেন। এই মেধাবী মানুষের মৃত্যুতে কুমিল্লার সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

কেএইচ