১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেক কাটার অনুষ্ঠান ও ১৯ আগস্ট অনুষ্ঠিত ২০ দলের সমাবেশে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার এক ছাত্রদল নেতা ও এক কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাত দুইটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৫ আগস্ট কেক কাটার অনুষ্ঠান ও ১৯ আগস্ট অনুষ্ঠিত ২০ দলের সমাবেশে যাওয়ায় ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ ও ছাত্রদলকর্মী ইতিহাস বিভাগের ৪১তম ব্যাচের আল আমিনকে ব্যাপক মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমসহ ছাত্রলীগ কর্মীরা।

পরে হিরন ও আল আমিনকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার ল্যাব জোন হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ১৫ আগস্ট ছাত্রদলের কেক কাটার অনুষ্ঠান ও ১৯ আগস্ট ঢাকায় ছাত্রদলের অনুষ্ঠানে যাওয়ার হিরণ ও আল আমিনকে প্রহার করা হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, তাৎক্ষণিকভাবে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছি। তবে সে যদি লিখিতভাবে অভিযোগ করে তবে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার ফোনে যোগাযোগ করার হলে তিনি ফোন ধরেননি।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ