জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের মীর মশারফ হোসেন হলের নেতাকর্মীরা শাখা  ছাত্রদলের এক নেতাকে বেধড়ক পিটিয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে ডেইরি গেটে (প্রধান ফটক) এ ঘটনা ঘটে।
জানা যায়,আহত ছাত্রদল নেতা বেনজির আহমদ (৩৯ ব্যাচ,ফিন্যান্স এন্ড ব্যাংকিং) বিভাগের ছাত্র এবং সে বিশ্ববদ্যিালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক। ওই ছাত্রদল নেতা প্রধান ফটকে (ডেইরিগেট) বিকাশে টাকা তুলতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা উপ-সম্পাদক আব্দুল রহিম জুয়েলের নেতৃত্বে মীর মশাররফ হোসেন হলের রবিউল,সজল সহ ৫-৬ জন কর্মী বেনজীরকে বেধড়ক পেটায়।
আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদ হাসান বেনজিরকে এনাম মেডিকেল হাসপাতালে পাঠান।
দুপুরবেলা বিকাশে টাকা তুলতে গেলে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে বলে দাবি করেছেন আহত বেনজীর।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেন বলেন,বেনজির ও তার সহযোগীরা বিকাশের দোকানে চাঁদাবাজি করছে বলে আমরা জানতে পারি এবং আমরা সেখানে ছুটে যাই,তার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে আমাদের  নেতাকর্মীরা বেনজিরকে  মারধর করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন,ঘটনা শুনেছি। বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদল জাবি শাখা সাধারণ সম্পাদক সাঈদ ভুইয়া জানান,ছাত্রলীগের কুকর্ম ঢাকতেই ছাত্রদল নেতাদের মারধর করছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান,এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি,অভিযোগ আসলে তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]