ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে চানখারপুল এলাকার লোকজন।

এতে আরিফ, শরীফ ও ওসমান গণি নামের তিন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে বংশাল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হলে নিয়ে আসা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী জানান, বৃহস্পতিবার রাতে চানখাঁরপুলের বিসমিল্লাহ হোটেলে খেতে যায় তিন শিক্ষার্থী।

এ সময় স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের মারধর করে। খবর পেয়ে পুলিশকে জানানো হলে তারা চারজনকে আটক করে।

হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর ড. এম আমজাদ আলী।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ছাত্রলীগের কর্মী হওয়ার আগে তাদের বড় পরিচয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে তারা যে হামলা করেছে, সেটি অত্যন্ত নিন্দনীয়।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আবিদ আল হাসান।

এসএইচ