ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এক চোর ধরা পড়েছে। ৩৫ বছর বয়সী বহিরাগত ওই ভদ্রবেশী চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।
জানা গেছে, হলের পদ্মা ব্লকের ৫০১০ নং কক্ষে রনি নামের একজনের খোঁজে যায় ওই চোর। কিন্তু রনি নামের কেউ ওই রুমে থাকে না বলে জানান ওই রুমের একজন আবাসিক ছাত্র। ওই ছাত্র আরও জানান, তিনি তখন বইমেলায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর রুমে থাকা আরেকজন তখন ঘুমাচ্ছিলেন। ওই ভদ্রলোককে তিনি রুম থেকে বিদায় করে হল থেকে বের হন।
কিন্তু বিশেষ প্রয়োজনে হলের গেট থেকে তিনি আবার রুমে ফিরে ওই 'ভদ্রলোক'কে রুমের ভিতরে দেখতে পান। ওই 'ভদ্রলোক' তখন রুমের বিভিন্ন জিনিসপত্রে হাত বুলাচ্ছিলেন ও মূল্যবান জিনিসগুলো সরানোর চেষ্টা করছিলেন। তার কাছ থেকে এ সময় একটি আইফোন, দুটি দামি মোবাইল ফোন ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়। তখন ওই ভদ্রলোককে ধরে উত্তম মধ্যম দিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা।
আমাদের প্রতিনিধি জানান, চোরের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তার স্ত্রীর কাছে ফোন দেয়া হয়। কিন্তু তার স্ত্রী জানান, চুরির অভ্যাস থাকার কারণে মাস দুয়েক আগে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়েছে তাদের।
এমএ





