মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী পরিচালিত বর্বরতা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত না হলেও শিক্ষার্থীদের এ প্রতিবাদের সঙ্গে ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন বেগম আখতার কামাল ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলাম একাত্মতা পোষণ করেছেন বলে জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে নির্বিচারে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চলছে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা মানবতাবিরোধী এমন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

নির্যাতন বন্ধ না হলে শিক্ষার্থীরা ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের হুমকি দেন।

এছাড়া রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্যাতন বন্ধে ও দেশটিতে স্থায়ীভাবে তাদের বসবাসের ব্যবস্থা করে দেয়ার জন্য জাতিসংঘসহ সকল মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।   

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচির নোবেল পদক কেড়ে নেয়ারও দাবি জানান।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আন্দোলন করছি, কাল বুয়েট করবে, পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করবে, তার পর যেন সব জায়গা থেকেই আন্দোলন জোরদার করা হয়, এমন স্বপ্নই দেখি আমরা। মানবতা মুক্তি পাবেই।

ঢাবির বিতার্কিক রাকিব হায়দারের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক।

এছাড়া টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্য থেকে বক্তব্য রাখেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি মীর লেকমান, স্লোগান একাত্তরের সাধারণ সম্পাদক এসকে তাসনিম আফরোজ ইমিসহ অন্য ছাত্র প্রতিনিধিরা।

এমবি