জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাকন নামের এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কম্পিউটার ল্যাবে (আইসিটি) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রমিজ এবং মাহফুজ নামের দুজন ছাত্রলীগ কর্মী দুপুরে মনোবিজ্ঞান বিভাগের আইসিটিতে প্রবেশ করে। আইসিটির দায়িত্বে থাকার কর্মকর্তা তাদেরকে নাম নিবন্ধন করতে বলেন। এতে ক্ষিপ্ত হন তারা।

এ সময় বিভাগটির ৭ম ব্যাচের শিক্ষার্থী শিবরাজ রায় কাকন তাদেরকে ভালোভাবে কথা বলতে বলেন। এতে ছাত্রলীগ কর্মী রমিজ ক্ষিপ্ত হয়ে কাকনকে দেখে নেবেন বলে হুমকি দেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা কাকনকে কিল ঘুষি মারতে থাকেন।

এ খবর পেয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেন প্রক্টর।

আহত কাকন বলেন, রমিজ অন্য বিভাগের শিক্ষার্থী হয়ে অবৈধভাবে মনোবিজ্ঞানের আইসিটি ব্যবহার করতে চেয়েছিল। তাকে নাম নিবন্ধন করতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন।

এ বিষয়ে প্রক্টর বলেন, তদের কাছ থেকে লিখিত নেয়া হয়েছে। পরবর্তীতে কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের বিরু্দ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এমআইএস