ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে নাজেন্দা-আজিজ ট্রাস্ট বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল বারকাত 'নীতি-নৈতিকতার নিরিখে অর্থনীতি শাস্ত্রের বিকাশ: দর্শনের দারিদ্র' শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন।
ট্রাস্ট ফান্ডের দাতা প্রফেসর ড. গালিব আহসান খান স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি মানুষের আর্থিক ও মানসিক দারিদ্র দূর করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মানব সভ্যতার উৎকর্ষ সাধনে নৈতিক উন্নয়ন জরুরী উল্লেখ করে তিনি বলেন, আমাদের সার্বিক কর্মকান্ডে মানবিক দর্শনকে সংযুক্ত করতে হবে।
আবুল বারকাত তাঁর ট্রাস্ট বক্তৃতায় বলেন, বিশ্ব অর্থনীতিতে নীতি-নৈতিকতার প্রকট সংকট চলছে। তাই দর্শন থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং অর্থনীতির সঙ্গে নৈতিক মূল্যবোধ সম্পৃক্ত করতে হবে।
এমকে





