দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি। এসব হামলার নিন্দা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে ইউনিসেফ।
বুধবার (৬ জুলাই) শিক্ষকদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি, আমরা শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই বিষয়টি শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখাতে হবে। শিশুদের পরিপূর্ণ সম্ভাবনা অনুযায়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে সক্ষম হতে হবে।
শিক্ষকদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা মন্তব্য করে তিনি আরও বলেন, শিক্ষকদের সুরক্ষিত রাখতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।
এবিএস





