আসন্ন পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা ও ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় দেড় মাসের ছুটি শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দেড় মাসের ক্লাস ছুটি শনিবার থেকে শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কখন বন্ধ হবে সে বিষয়টি নিশ্চিত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দুর্গাপূজাসহ শরৎকালীন ছুটি, পবিত্র ঈদুল আজহা এবং আসন্ন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি ও পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২৭ সেপ্টেম্বর হতে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান প্রায় দেড় মাস ছুটির বিষয়টি নিশ্চিত করে জানান, দুই-এক দিনের মধ্যেই দুর্গাপূজা তাই ক্লাস ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম কখন বন্ধ হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর