বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়েবসাইট হ্যাক করেছে ‘সাইবার-৭১’ নামে একটি হ্যাকার গ্রুপ।
যদিও তাদের স্লোগান- উই হ্যাক টু প্রটেক্ট বাংলাদেশ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ধার্য সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে আসছে কয়েকদিন ধরে।
তাদের দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন তাদের সঙ্গে রাজপথে না নেমে চুপ আছে, তার প্রতিবাদ জানাতে গ্রুপটি ঢাবির সাইট হ্যাক করে।
যদিও তারা একটি লিংক রেখেছে সাইটে প্রবেশের জন্য।
সাইবার গ্রুপ সাইবার- ৭১ ঢাবির সাইট হ্যাক করে লেখে- ’৫২, ৬৯ এর আন্দোলনের সফলতা এসেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সূর্য সন্তানদের হাত ধরেই।
আজ যখন ভ্যাট নেওয়ার নামে শিক্ষাখাতকে বাণিজ্য হিসেবে করে ফেলা হচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চুপ কেনো? শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর অধিকার অমানুষগুলোকে দিয়েছে?
এই লজ্জা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না। পুরো বাংলাদেশের। শিক্ষাখাতকে পবিত্র রাখতে গর্জে উঠো বাংলাদেশ।
এদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, শিক্ষার্থীদের ওপর নয়, ভ্যাট ধার্য করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর। শিক্ষার্থীদের ভ্যাট টিউশন ফি নেওয়ার সময়ই আদায় করা হয়।
কেএইচ





