ঢাকা-জগন্নাথসহ সকল বিশ্ববিদ্যালয় এবং বুয়েট-মেডিকেলের ভর্তি পরীক্ষা অবিলম্বে পিছিয়ে নেয়ার দাবি জানিয়ে রোববার বিকালে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
প্রথমে তারা শাহবাগ থেকে টিএসসিতে যাবার পথ অবরোধ করে দাঁড়ায়। পরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত) হাবিল হোসেন এসে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা ছেড়ে একপাশে দাঁড়ানোর জন্য বলে। শিক্ষার্থীরা প্রথমে রাজি না হলে পুলিশ তাদের বাধ্য করে রাস্তা ছেড়ে দাঁড়াতে। পরে তারা রাস্তার এক পাশে অবস্থান নেয়।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক ঢাকা কমার্স কলেজের এক ছাত্র বলেন, বিজ্ঞান বিভাগের ছাত্রদের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২ জুলাই। মেডিকেলের পরীক্ষা ২৮ আগস্ট। যারা দ্বিতীয় বার পরীক্ষা দিচ্ছে তারা প্রস্তুতি নেয়ার সময় পেয়েছে ১৫ মাস। এ ক্ষেত্রে আমরা সময় পাচ্ছি ২ মাসের মত।
শিক্ষার্থীদের মধ্য থেকে নটরডেম কলেজের ছাত্র আপন বলেন, আগামী বছর থেকে কোনো ছাত্র দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে না। আমরা যারা গরিব পরিবারের ছাত্র তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব না। সে জন্যই পড়াশোনা রেখে রাস্তাই দাঁড়িয়েছি।
বুধবার শাহবাগে তারা আবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষার্থীরা।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





