ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৫ম বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড প্রতিযোগিতা। আজ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,প্রকৃতি অত্যন্ত বৈচিত্রময়। জীববৈচিত্র সম্পর্কে আমাদের জানার কৌতূহল অনেক বেশি। আমরা প্রকৃতির এই বৈচিত্রের মাঝে ঐক্যের সন্ধান খুঁজি। আমাদের জীবনের প্রয়োজনে জীববৈচিত্রকে ধরে রাখতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে ছিল কুইজ পরীক্ষা,পোস্টার প্রদর্শনী,বক্তৃতা,আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হোসেন,ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স  অনুষদের ডিন অধ্যাপক ড. এম ইমদাদুল হক,ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ।
২০০৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]