রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল হামিদ আলী হলের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগকর্মী রাব্বী আরবান অ্যান্ড রিজোনাল প্লানিং বিভাগের শিক্ষার্থী।
রুয়েট ছাত্রলীগ সূত্রে জানা যায়, হলের সিট দখলকে কেন্দ্র করে রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম রোজ এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল হামিদ হলের সামনে হিমেল গ্রুপের ছাত্রলীগ কর্মীদের সঙ্গে রোজ গ্রুপের কর্মীদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়।
ছাত্রলীগ কর্মী নাসিম ও আবিরের নেতৃত্বে হিমেল গ্রুপের কর্মীরা এবং রাব্বী ও শাকিলের নেতৃত্বে রোজ গ্রপের কর্মীরা পরস্পরের ওপর চড়াও হয়। এ সময় মাথার পেছনে ছুরিকাহত হন রোজ গ্রুপের কর্মী রাব্বী। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় উভয় গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে রুয়েট ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম রোজ বলেন, ‘কোনো কারণ ছাড়াই হিমেলের সঙ্গে থাকা আবিরসহ কয়েকজন ছেলে আমার কর্মীদের ওপর চড়াও হয়। আমার এক কর্মী আহত হয়েছে। এ বিষয়ে সেক্রেটারির (হিমেল) সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল গ্রুপের নেতা ও শহীদুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘রোজ গ্রুপের কয়েকজন কর্মী হলগুলোতে ছাত্রদের কাছ থেকে মোটা অংকের টাকা নিচ্ছে। এ নিয়ে আমাদের কয়েকজন কর্মী কথা বলতে গেলে একটু ঝামেলা হয়েছে। আমরা কর্মীদের সরিয়ে এনেছি।’
রুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এখন ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক।’
এএইচ





