প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন শিমুল গুরুতর আহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শিমুলকে বুধবার দুপুরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তারই প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার নেতৃত্বে টুকিটাকি চত্বর থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা, রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান টিটু প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীরা একের পর এক ছাত্রলীগ কর্মীদের দিনে ও রাতের বেলায় প্রকাশ্যে খুন করছে। কিন্তু আমদের কর্মীরা কখনো রক্তের রাজনীতি করতে পছন্দ করে না। আমরা তাদের বলছি তোমরা সামনে এসে আমদের সাথে লড়ো। আমরা তোমাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছি। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে এভাবে ছাত্রলীগের কর্মীদের ছাত্রশিবির মারধর করে গুরুতর আহত করছে, তারপরেও বর্তমান প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আব্দুল্লাহ আল মামুন শিমুলকে যারা জখম করেছে, অনতিবিলম্বে তাদের আটক করে আইনের আওতায় আনতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশ অমান্য করে ক্যাম্পাসে মিছিল করার বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল করেছে আমি শুনেছি। এ বিষয়ে আমি প্রক্টরের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা এ ব্যাপারে কোনো কিছুই বলেনি। সেজন্য তাদের মিছিলে বাঁধা দেওয়া হয়নি।

এ ব্যাপারে রাবি প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসানের সঙ্গে মুঠোফোন বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জেআই