ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে ঘুষ নিতে গিয়ে আটক হয়েছেন শাহবাগ থানার এক উপ-পরিদর্শক।

রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শ্যামল দত্ত নামে ওই পুলিশ কর্মকর্তাকে ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন ঢাবি শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহযোগিতায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে তাকে সাময়িক বরখাস্ত করে ডিসি অফিসে প্রেরণ করা হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ শনিবার সন্ধ্যায় তার বান্ধবীসহ সোহরাওয়ার্দী উদ্যানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় টহলরত অবস্থায় তাকে বিভিন্ন প্রশ্ন করেন ওই পুলিশ সদস্য।

একপর্যায়ে তিনি রিয়াদের মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন। পরে গতকাল রোববার তাকে বেশ কয়েকবার ফোন দিয়ে ৫০ হাজার টাকার জন্য চাপ দেন ওই পুলিশ কর্তা। অন্যথায় তার বিরুদ্ধে মামলারও হুমকি দেন তিনি। এ অবস্থায় ওই শিক্ষার্থী এ প্রস্তাবে রাজি হয়ে পুলিশকে টিএসসিতে আসতে বলেন। এ সময় তিনি সেখানে এলে হলের অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে ধরে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিক তাকে ক্লোজড করেছি। পরে তাকে ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমি তার বিরুদ্ধে রিপোর্টও দিয়েছি। বাকি পদক্ষেপ ডিসি অফিস নেবে।

কেএইচ