বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম (২২) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সামিউলের বাড়ি গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার বড়গোপালপুর গ্রামে।
মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, শুক্রবার (২২ মে) জাতীয় হাইস্কুল পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। এ উপলক্ষে বিভাগের ক’জন শিক্ষার্থী কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাজসজ্জার কাজ করছিলেন।
এ সময় সামিউল একটি লোহার স্ট্যান্ড ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান ওসি।
এএইচ





