ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাদির জুনাইদ ‘অস্ট্রেলিয়ান অ্যালামনাই এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ অর্জন করেছেন।

অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে নির্বাচিতদের কর্মক্ষেত্রে আকর্ষণীয় সাফল্যের জন্য অস্ট্রেলিয়া সরকার এন্ডেভার স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামের আওতায় এই পুরস্কার দিয়ে থাকে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ওয়েসটিন হোটেলে অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ড. জুনাইদকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।

এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ।

একাডেমিক সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনটি স্বর্ণপদকপ্রাপ্ত ড. জুনাইদ কমনওয়েলথ স্কলার হিসেবে কিংস কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এমএ ডিগ্রি এবং অস্ট্রেলিয়া সরকারের এনডেভার স্কলারশিপ প্রাপ্তির মাধ্যমে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েল্স্, সিডনি থেকে পিএইচডি করেছেন।

জেডআই